ডিজিটালি এইচএসসির ফল প্রকাশ

৩০ জানুয়ারি, ২০২১ ১১:২৮  
ডিজিটাল পদ্ধতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত ‘এইচএসসি ও সমমানের সকল পরীক্ষার ফল প্রকাশ ও হস্তান্তর’ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এ সময় পরীক্ষার ফল সকল বোর্ডের চেয়ারম্যানদের হাতে তুলে দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এবারের এইচএসসির ফল মিলবে ঘরে বসেই। পরীক্ষার ফল পেতে চলছে প্রি-রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনের ফলে ঘরে বসেই শিক্ষার্থীরা ফল সংগ্রহ করতে পারবে। রেজিস্ট্রেশন করতে হবে মোবাইলের এসএমএস অপশনে গিয়ে। প্রি-রেজিস্ট্রেশন করতে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নাম দিয়ে স্পেস দিয়ে রোল লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিতে হবে। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রি-রেজিস্ট্রেশনকৃত পরীক্ষার্থীদের নম্বরে ফলাফল পৌঁছে যাবে। এছাড়া ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) থেকে ফলাফল দেখা যাবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে।